প্রথম আয়োজনেই শেরপুর জেলা দলের বাজিমাত

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৮ নভেম্বর ২০২৫
প্রথম আয়োজনেই শেরপুর জেলা দলের বাজিমাত

ম্যাচ শেষে স্টেডিয়ামে দর্শক, দীর্ঘনি পর শেরপুরের ফুটবলে প্রাণের সঞ্চার, ছবি- স্পোর্টস মেইল

দীর্ঘদিন পর খান বাহাদুর ফজুলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেরপুরের ফুটবলে প্রাণের সঞ্চার করেছে। খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের আয়োজনে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রতিটি খেলায় ছিল উপচেপড়া দর্শকের ঢল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক শেরপুর জেলা দল।

শনিবার (৮ নভেম্বর) ফাইনাল খেলায় বগুড়া জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর জেলা দল। খেলার শুরুতেই কর্নার থেকে গোল পেয়ে এগিয়ে গিয়েছিল শেরপুর।

খেলার ৩তম মিনিটে একমাত্র গোলটি করেন শেরপুরের মিডফিল্ডার জুয়েল রানা। তার নেওয়া কর্নার কিকের বলটি সরাসরি বগুড়ার জালে প্রবেশ করলে গগণজয়ী উল্লাসে ফেটে পড়েন শেরপুরের খেলোয়াড় ও দর্শকরা। গ্যালারি ছাপিয়ে মাঠভর্তি দর্শকদের মুহুর্মুহু করতালি আর চিৎকারে মুখোরিত হয়ে উঠে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম।

শেরপুর এগিয়ে যাওয়ার পর দুইপক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও কোন গোল না হওয়ায় একমাত্র গোলে জয়লাভ করে প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শেরপুর জেলা দল।
sportsmail24
ট্রফি হাতে চ্যাম্পিয়ন শেরপুর জেলা দল

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কারের অর্থ ও ট্রফি তুলে দেন খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

স্টেডিয়াম মাঠে বসে খেলাটি উপভোগ করেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা, বিএনপি-জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের জেলার শীর্ষ নেতৃবৃন্দ, এমপি প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের সুধীবৃন্দ।

প্রথমবারের মতো পক্ষকালব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে নকআউট ভিত্তিতে শেরপুরসহ আশপাশের ৬টি জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস



শেয়ার করুন :