রাজশাহী বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জামান সরকারি কলেজ। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্ববধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। উভয় কলেজই চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানান রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার (২২ ডিসেম্বর) ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ ৩-১ গোলে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। দুটি কলেজই নাটোর জেলায় অবস্থিত।
সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের খেলোয়াড় আব্দুল্লা বিন কাফি ম্যান অব দ্য ম্যাচ ও বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের খেলোয়াড় রাকিবুল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বির্ক) মোহা. সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্ম-সচিব) মো. হাবিবুর রহমান।
এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, এডহক কমিটির সদস্য ও সাংবাদিক ডালিম হোসেন, শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ খাদেমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আব্দুর রোকন মাসুম ও শিরাজী ফেরদৌস ইমন।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস
