তর্কে জড়িয়ে শাস্তি পেলেন ফখর জামান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৫
তর্কে জড়িয়ে শাস্তি পেলেন ফখর জামান

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার কবলে পড়েছেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামান। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ওই ফাইনালে ‘আইসিসি কোড অব কনডাক্টের ২.৮ ধারা’ লঙ্ঘন করেছেন জামান। শাস্তি হিসেবে জামানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ফাইনালে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার পর মাঠে আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন জামান। এরপর ম্যাচ শেষে জামানের বিরুদ্ধে অভিযোগ করেন দুই অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও আসিফ ইয়াকুব, থার্ড আম্পায়ার রশিদ রিয়াজ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি।

জামানের শাস্তি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকা রিয়ন কিং। তবে ফখর জামান অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে আর শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি খেলোয়াড়ের ম্যাচ ফি’র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া।


বিষয়ঃ

শেয়ার করুন :