অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের দাপুটে জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের দাপুটে জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে চমক দেখালো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের দাপুটে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। টানা দুই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে সিকান্দার রাজার দল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ১৬৯ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে ব্লেসিং মুজারাবানিদের বোলিং তোপে ১৯.৩ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ২৩ রানের দুর্দান্ত এক পায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মুজারাবানি ও ইভান্সের বোলিং তোপে পড়ে পাওয়ার প্লেতে ২৯ রানে চারটি উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া।

তবে শুরুতে চাপে পড়া দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো। দু’জন মিলে ৭৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ঘুরে দাঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখলেও ম্যাক্সওয়েলের আউটে আবারও রাস্তা হারিয়ে ফেলে অসিরা।

ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ৩১ রান। এরপর দলীয় ১৩৯ রানে ফিফটি করা ম্যাট রেনশো (৬৫) ফিরলে হারের দ্বারপ্রান্তে চলে যায় অস্ট্রেলিয়া। বাকি ব্যাটারদের কেউই হাল ধরতে না পারায় হারের স্বাদ নেয় অস্ট্রেলিয়া।

দলের জয়ে বল হাতে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি। এছাড়া তিনটি উইকেট নেন ব্র্যাড ইভান্স।

এর আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬১ রান তুলেছিল জিম্বাবুয়ে। ২১ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার তাদিয়ানসে মারুমানি।
দ্বিতীয় উইকেট জুটিতে বড় সংগ্রহ পায় তারা।

রায়ান বার্লকে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ওপেনার ব্রায়ান বেনেট। ৩০ রানে থামে বার্লের ইনিংস। এরপর সিকান্দার রাজাকে নিয়ে শেষ পর্যন্ত খেলেন বেনেট। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যপ্রান্তে ২৫ রানে অপরাজিত ছিলেন রাজা।



শেয়ার করুন :