হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য থাকলেও বাংলাদেশকে থামতে হলো সেমিফাইনালে। বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দরকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান।
এ হারে এশিয়া কাপের এবারের আসর থেকে বিদায় ঘটলো গত দুই আসরের টানা শিরোপা জেতা বাংলাদেশি যুবাদের। অন্যদিকে, ফাইনালে পা রাখলো পাকিস্তান। আগেই ফাইনাল নিশ্চিত করা ভারতের মুখোমুখি হবে তারা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনাল ম্যাচটির দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ২৭ ওভারে। তবে তার আগে ব্যাটিং করতে নেমে ২৬.৩ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে খেলে ৮ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তানের যুবারা। শুরুতে উইকেট তুলে নিলেও স্বল্প পূঁজিতে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশিরা বোলাররা।
ব্যাট হাতে সামির মিনহাজ ও উসমান খান ৮৫ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। দলীয় ৮৬ রানে উসমানকে (২৭) ফেরান সামিউন বশির। তবে হার এড়ানো সম্ভব হয়নি।
জয়ের জন্য বাকি ২২ রান তুলতে খুব একটা বেগ পেতে হয়নি ওপেনার সামির ও নতুন ব্যাটার আহমেদ হুসাইনের। সামির ৬৯ ও আহমেদ ১১ রানে অপরাজিত থেকে জয় তুলে নেন। ৬৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পোঁছে দলকে ফাইনালে তোলেন তারা।
