টি-টোয়েন্টি দলে নাঈম-সাইফুদ্দিন, বাদ শান্ত-সৌম্য

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ এএম, ০৫ জুলাই ২০২৫
টি-টোয়েন্টি দলে নাঈম-সাইফুদ্দিন, বাদ শান্ত-সৌম্য

তিন বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাঈম শেখ। একই সাথে এক বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই নাজমুল হোসেন শান্ত।

২০১৯ সালে ভারতের বিপক্ষে ৪৮ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটের ভবিষ্যৎ তারকা হওয়ার ইঙ্গিত দিলেও ২০২২ সালে এ ফরম্যাটে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাঈম।

দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটে গত তিন বছর দারুণ ছন্দে ছিলেন নাঈম। দলে ফেরার জন্য সম্প্রতি নাঈমকে আক্রমণাত্মক এবং স্ট্রাইক রেট বাড়ানোর জন্য পরামর্শও দিয়েছিলেন নির্বাচকরা। তা সঠিকভাবে পালন করে এবার টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার আগে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও দলে ফিরেছেন নাঈম। তবে প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি তিনি।

এদিকে, নাইম তিন বছর পর ফিরলেও সাইফুদ্দিন দলে ফিরেছেন এক বছর পর। ২০২৪ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। এছাড়া ইনজুরি থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তারা।

তবে খারাপ পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ ১৯ ম্যাচে হাফ-সেঞ্চুরির কোন ইনিংস খেলতে পারেননি তিনি। শান্ত ছাড়াও সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম এবং হাসান মাহমুদ।

ওয়ানডে সিরিজ শেষে ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৩ এবং ১৬ জুলাই। সিরিজটি নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, সাইফুদ্দিন।



শেয়ার করুন :