টানা বৃষ্টিতে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির দু’টি ম্যাচই পরিত্যক্ত হয়েছে। একই কারণে মঙ্গলবারের ম্যাচ দুটিও স্থগিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে বুধবার থেকে যথারীতি রাজশাহীর মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচ।
বৃষ্টির কারণে বগুড়া থেকে ভেন্যু পরিবর্তন করে ম্যাচ রাজশাহীতে সরিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্ট কমিটি। তবে সেই বৃষ্টিতেই রাজশাহীর ভেন্যুর ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সারাদিন থেমে থেমে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ সকাল ১০টায় ঢাকা এবং বরিশাল বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী না হওয়ায় টসও হয়নি বগুড়া থেকে রাজশাহী সরিয়ে নেওয়া ম্যাচটি।
শুধু তাই নয়, দিনের দ্বিতীয় ম্যাচ দুপুরে ২টায় খুলনা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটিও মাঠে গড়ায়নি। রাজশাহী ভেন্যুর নির্ধারিত ম্যাচটিও স্থগিত করেন টেকনিক্যাল কমিটি।
বিকেল ৪টার দিকে টেকনিক্যাল কমিটির মাঠ পরিদর্শন করেন। সে সময় ধারণা করা হয়, অন্তত ৫ ওভারের ম্যাচ মাঠে গড়াতে পারে। তবে সেটিও সম্ভব হয়নি। পিচের কভার সরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেও হতাশ হতে হয়েছে।
এদিকে, টানা বৃষ্টির কারণে আগামীকাল মঙ্গলবারের খেলাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার সাইফুল্লাহ খান জেমস। স্পোর্টস মেইলকে তিনি বলেন, “আগামীকাল (মঙ্গলবার) কোন ম্যাচ হবে না। পরের দিন (১৭ সেপ্টেম্বর, বুধবার) থেকে যথারীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।”
এনসিএল টি-টোয়েন্টি চলমান আসরে এখন পর্যন্ত একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তাও মাত্র ৫ ওভারের। এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিন বগুড়ায় সিলেট বিভাগ ও রংপুর বিভাগের মধ্যকার একটি ম্যাচ বাতিল হয়।
উদ্বোধনী দিনের (রোববার) রাজশাহী স্টেডিয়ামে ঢাকা মেট্রো এবং রাজশাহী বিভাগের মধ্যকার ম্যাচটি খেলা হয়েছে মাত্র ৫ ওভার করে। বৃষ্টি আইনে ম্যাচটিতে ৭ উইকেটে জয় পেয়েছে ঢাকা মেট্রো।
রাজশাহী/আরএস

মো. ফয়সাল আলম