বাংলাদেশ পুরুষ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন না। অনূর্ধ্ব-১৯ দল ওয়ানডে বিশ্বকাপে সুপার সিক্স থেকে বিদায় নিয়েছে। এরই মাঝে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের খুব কাছে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বের সুপার সিক্সে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখলো নিগার সুলতানা জ্যোতিরা।
বুধবার মুলপানিতে বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে জোয়াইরিয়া ফেরদৌস এবং সুবহানা মোস্তারি জোড়া ফিফটিতে ৮ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নামলে থাইল্যান্ডকে ১২৬ রানে আটকে দেয় মারুফা আক্তাররা। ফলে ৩৯ রানের জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। এর জয়ে বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে খুব কাছে চলে গেছে বাংলাদেশ নারী দল।
থাইল্যান্ডের বিপক্ষে এই জয়ে ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে নিজেদের বাকি দুই ম্যাচের একটি জিতলে অথবা একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশের মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করবে।
এছাড়াও আরও একটি হিসেব রয়েছে। তা হলো আজ দুপুরে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ম্যাচে নেদারল্যান্ডস জিতলেও জ্যোতিদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে আর নিজেদের বাকিগুলোর হিসেব লাগবে না।
ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন সোবহানা মোস্তারি, ছবি- বিসিবি
ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়েছিলেন দিলারা আক্তার। এরপার ৯ বলে ১১ করে ফিরে যান আরেক ওপেনার শারমিন আক্তার। ফলে দলীয় ১২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
তবে তৃতীয় উইকেটে ১১০ রানের বড় জুটি গড়েন জোয়াইরিয়া আর সোবহানা। দু’জনই হাঁকান ফিফটি। জোয়াইরিয়া ৪৫ বলে ৩ চার আর ৪ ছক্কায় ৫৬ আর সোবহানা ৪২ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় খেলেন ৫৯ রানের ইনিংস।
এরপর ২১ রানে ৫টি উইকেট হারালে ১৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। শেষ দিকে ৬ বলে ১৫ করেন রিতু মনি।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৬ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। থাইল্যান্ডকে ১২৬ রানে আটকে রাখার পথে বল হাতে ৩ উইকেট শিকার করেন মারুফা আক্তার। এছাড়া দুটি করে উইকেট নেন রিতু মনি এবং স্বর্ণা আক্তার।
থাইল্যান্ডকে হারানোর এই ম্যাচে সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সোবহানা মোস্তারি। ব্যাট হাতে ৪২ বলে ৫৯ রানের ইনিংস খেলেছেন তিনি।
