থাইল্যান্ডের কাছে ৫-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
থাইল্যান্ডের কাছে ৫-১ গোলে হারলো বাংলাদেশের মেয়েরা

প্রীতি সিরিজের প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করে।

সোমবার (২৭ অক্টোবর) ব্যাংককে ম্যাচটি একটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। রক্ষণভাগের দুর্বলতায় দ্বিতীয় ম্যাচে পাঁচ পাঁচটি গোল হজম করতে হয়েছে। বিপরীতে প্রথমার্ধে একটি মাত্র গোল দিয়েছে পিটার বাটলারের দল। ফলে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জয় করলো র থাইল্যান্ড।

২০২৩ সালে সেপ্টেম্বরে এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক ফুটবলে চারের অধিক গোলের ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়ে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ৮-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশের নারী ফুটবল দল।

ভিয়েতনামের কাছে ৬ গোলে হারের পর ২৫ মাসের মধ্যে বাংলাদেশ নারী ফুটবল দলের জালে কোনো দেশই চারের বেশি গোল দিতে পারেনি। গত বছর মে মাসে ঢাকায় প্রীতি ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা। তবে দীর্ঘদিন পর পাঁচ গোল গেল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে ২৯তম মিনিটে বাম দিক থেকে মারিয়া মান্দার কর্নারে হেড নিয়ে দলে প্রথম এবং একমাত্র গোল এনে দেন শামসুন্নাহার জুনিয়র।

ব্যবধান কমালেও ম্যাচের ৩৪তম মিনিটে আবারও গোল খায় বাংলাদেশ। ফলে ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। যদি ৪৩তম মিনিটে মনিকা চাকমার শট থাইল্যান্ডের গোলরক্ষক ধরলে সুযোগ হারায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দুটি পরিবর্তন নিয়ে খেলা শুরু করলেও শেষ রক্ষা হয়নি পিটার বাটলারের দলের। ৫৪ মিনিটে চতুর্থ এবং ৫৭তম মিনিটে পেনাল্টি থেকে পঞ্চম গোল করে থাইল্যান্ড। এরপর খেলায় ফিরতে না পারা বাংলাদেশের মেয়েরা ৫-১ ব্যবধানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে।



শেয়ার করুন :