বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পর বিসিবির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ দিন পিছিয়ে গেছে। নতুন তারিখ অনুযায়ী এখন ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাওয়ার আশা করছে বিসিবি।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা আলম। ওই অভিযোগের পর তিন সদস্যে তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি।
বিসিবির গঠিত তদন্ত কমিটির ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞাপ্তিতে প্রতিবেদন দাখিলের কমিটি আরও ১৫ দিন সময় পাচ্ছেন।
বিসিবি জানায়, বিস্তৃত এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা নিশ্চিত করার জন্য জাহানারা আলমকে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা দিতে বলেছিল বিসিবির গঠিত স্বাধীন তদন্ত কমিটি।
জাহানারা আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন। যার ফলে স্বাধীন তদন্ত কমিটির সময়সীমা ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে। বৃদ্ধি করা সময়ে এখন ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিসিবি।
