গোল্ডকাপ ফুটবল: রাজশাহীতে পাবনার বাজিমাত, উভয় বিভাগেই চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:০১ এএম, ২৪ মে ২০২৬
গোল্ডকাপ ফুটবল: রাজশাহীতে পাবনার বাজিমাত, উভয় বিভাগেই চ্যাম্পিয়ন

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে পাবনা। বালক গ্রুপে জেলার দ্বীপচর দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বালক গ্রুপে রানার আপ হয়েছে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রুপে সেরা খেলোয়াড় হয়েছে নওগাঁ দলের আল সাফিউ এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পাবনা দলের বায়োজিদ।

বালিকা গ্রুপে রানার আপ হয়েছে সিরাজগঞ্জের কাকিলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই গ্রুপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ দলের রিমি খাতুন এবং সর্বোচ্চ গোলদাতা পাবনা দলের ফাতেমা খাতুন।

বিভাগের আট জেলার বালক-বালিকা গ্রুপের মোট ১৬টি দল তিন দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নিয়েছিল। শনিবার (২৩ মে) রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে নিজেদের সুগঠিত করে এবং মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে আজকের শিশুদের প্রস্তুতি নিতে হবে। খেলাধুলা মানুষকে সুশৃঙ্খল করে এবং প্রতিকূল অবস্থার মধ্যেও বড়ো হওয়ার স্বপ্ন দেখায়।

মন্ত্রী আরও বলেন, রাজশাহীর খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগের সরকারের সময় খুলে নেওয়া ফ্লাডলাইটগুলো দ্রুততম সময়ের মধ্যে পুনরায় স্থাপন করা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শীঘ্রই রাজশাহীতে আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট এবং বিপিএল বা বিদেশি টেস্ট দলের সাথে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আল মামুন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে মন্ত্রী পুরস্কার তুলে দেন।

মো. ফয়সাল আলম,রাজশাহী/আরএস



শেয়ার করুন :