সাংবাদিকদের ‘অসম্মান’ করে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১২ নভেম্বর ২০২৫
সাংবাদিকদের ‘অসম্মান’ করে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া ও নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন না করায় ক্ষুব্ধ সংবাদকর্মীরা বর্জন করেছিলেন। সেই ঘটনার দুইদিন পর ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ ভুল আখ্যা দিয়ে বুধবার (১২ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় সাংবাদিকদের কাছে ক্ষম চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এর আগে ১০ নভেম্বর (সোমবার) সেই ঘটনা ঘটেছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে আহ্বান জানালেও সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের দুইদিন ব্যাপী আয়োজনে প্রবেশের বা ফুটেজ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

শেষ দিন অর্থাৎ, ১০ নভেম্বর (সোমবার) বিকেল চারটার সময় সংবাদ সম্মেলনের সময় দেওয়া হলেও পৌনে ৫টার দিকেও শুরু করা হয়নি। এমনকি সাংবাদিকদের ভেতরে যাওয়ার জন্য অনুরোধ করলেও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ সাংবাদিকরা সংবাদ সম্মেলন বর্জন করেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাইরে এসে বয়কট তুলে নেওয়ার অনুরোধ করলেও সাংবাদিকদের ভেতরে প্রবেশের ‘প্রটোকল বা অনুমতি সংক্রান্ত কোনো ব্যাখ্যা না দেওয়ায় সম্মান ক্ষুণ্ণ হয়েছে’ উল্লেখ করে বয়কটের সিদ্ধান্তে অনড় ছিলেন সাংবাদিকরা।

ওই ঘটনার দুই দিন পর ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বলেন, “গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল… যখন বাইরে এসে দেখলাম যে, আপনাদের (সাংবাদিকদের) উপযুক্ত সম্মান জানানো হয়নি এবং আপনাদের আমন্ত্রণ জানানোর পরও যে ধরণের আমন্ত্রণ রক্ষার কাজ ছিল আমাদের ক্রিকেট বোর্ডের বা আমার, আমরা সেটায় ব্যর্থ হয়েছি। আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।”

একই সাথে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বলেন, “তবে এটাও আপনাদের কথা দিচ্ছি যে, আমাদের কোন ডিপার্টমেন্টের কারণে এই ব্যর্থতা এসেছে, সেটা আমরা তদন্ত করবো এবং যথাযথ ব্যবস্থা নেব।”



শেয়ার করুন :