লিটন-সাইফদের কাছে পাত্তাই পেল না আকবর আলীদের দুরন্ত একাদশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
লিটন-সাইফদের কাছে পাত্তাই পেল না আকবর আলীদের দুরন্ত একাদশ

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ-২০২৬ আসরের প্রথম ম্যাচে দুরন্ত একাশের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লিটন কুমার দাসের দল ধূমকেতু একাদশ। ব্যাট হাতে গুটিয়ে যাওয়া দুরন্ত বল হাতেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নিজেদের প্রথম ম্যাচেই ৬ উইকেটের জয় তুলে নেয় ধূমকেতু।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আসরের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ইনিংসের এক বল বাকি থাকতে ১৪৩ রানে গুটিয়ে যায় দুরন্ত একাদশ। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার মাহফুজুল ইসলাম রবিন।

এছাড়া জিসান আলম ১৪, আজিজুল হাকিম তামিম ১৬, আরিফুল ইসলাম ২, এস এম মেহেরব হাসান ১৫, অধিনায়ক আকবর আলী ১৮, মাহিদুল ইসলাম অঙ্কন ৫, জাওয়াদ আবরার ১০, আব্দুল গাফফার সাকলাইন ১৫ এবং রিপন মন্ডলের ব্যাট থেকে আসে ১ রান।

দুরন্ত একাদশের বিপক্ষে বল হাতে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করে রিশাদ হাসান। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। এছাড়া ১.৫ ওভার বল করে ১৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।

জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধূমকেতুর দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে ৩৪ রানের জুটি পায় ধূমকেতু। ব্যক্তিগত ১৭ রানে তামিম সাজঘরে ফিরলে তাদের জুটি ভাঙে।

এরপর সাইফের সাথে জুটি বাঁধেন অধিনায়ক লিটন কুমার দাস। দলীয় ১১২ রানে ফিফটি করা সাইফ ফিরে গেলেও দ্বিতীয় উইকেট জুটিতেই ধূমকেতু একাদশ জয়ের দ্বারপ্রান্তে চলে যায়। তবে শেষ দিকে আরও দুটি উইকেট হারায় তারা।

দলীয় ১৩০ রানে পারভেজ হোসেন ইমন (৬) এবং ১৩২ রানে তাওহিদ হৃদয় (২) সাজঘরে ফিরলেও শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে ১৬.১ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে ৬৫ রানের অপাজিত ইনিংস খেলেছেন লিটন।



শেয়ার করুন :