চলতি বছরের জুন-জুলাইয়ে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। সফরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ এবং তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
সিরিজ উপলক্ষে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে স্বাগতিক দেশ জিম্বাবুয়ে। সফরে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ২৮ জুন থেকে ২ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ।
একই মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৬ জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার পর সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে ৯ ও ১১ জুলাই।
টেস্ট এবং ওয়ানডে সিরিজ শেষে সফর গড়াবে বুলাওয়েওতে, যেখানে কুইন্স স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে।
সর্বশেষ গত বছর বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। যেখানে উদ্বোধনী টেস্টে তিন উইকেটের স্মরণীয় জয় তুলে নেয় জিম্বাবুয়ে, যা ছিল চার বছরে তাদের প্রথম টেস্ট জয়।
বাংলাদেশের সর্বশেষ জিম্বাবুয়ে সফর হয়েছিল ২০২২ সালের জুলাই ও আগস্টে। সেই সফরে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্স দেখিয়ে হারারে স্পোর্টস ক্লাবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে একই ব্যবধানে (২-১) জিতে নিয়েছিল।
আসন্ন এই সিরিজটি হবে চলতি বছরে জিম্বাবুয়ের প্রথম হোম অ্যাসাইনমেন্ট এবং তাদের ঐতিহাসিক অভিযানের পর প্রথম আন্তর্জাতিক সিরিজ।
টেস্ট ম্যাচ : ২৮ জুন থেকে ২ জুলাই
ওয়ানডে সিরিজ
প্রথম ম্যাচ : ৬ জুলাই
দ্বিতীয় ম্যাচ; ৯ জুলাই
তৃতীয় ম্যাচ: ১১ জুলাই
টি-টোয়ন্টি সিরিজ
প্রথম ম্যাচ : ১৫ জুলাই
দ্বিতীয় ম্যাচ: ১৭ জুলাই
তৃতীয় ম্যাচ: ১৯ জুলাই।
