দশ মাস পর মিরপুরে ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ। ২৭ বল হাতে রেখে, ৭ উইকেটে জয়। প্রতিপক্ষ পাকিস্তানের সাথে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশ। হাউসফুল গ্যালারি জুড়ে বাধভাঙা উল্লাস তো ছিলই, ম্যাচ শেষে উৎসব করেছেন দর্শকরা।
গত কয়েক মাস ছিল দেশের ক্রিকেটের জন্য দুঃসময়। অনেকেই বলছিলেন, ফুটবলের জনপ্রিয়তা দেখে ক্রিকেট বুঝি হারিয়ে ফেললো তার দর্শকভাগ। বিশেষ করে যখন হামজা চৌধুরী ও শোমিত সোমরা বাংলাদেশে এসেছিলেন, তখন ফুটবলমুখী দর্শক নিয়ে বেশ আলোচনাও চলছিল। কিন্তু ২০ জুলাই মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে সব প্রশ্নের জবাব দিলেন ক্রিকেটপ্রেমী দর্শকরাই।
ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগে পর্যন্ত গ্যালারি ছিল অনেকটাই ফাঁকা। কিন্তু সময় যত গড়িয়েছে, দর্শকদের ঢল নেমেছে স্টেডিয়ামের প্রতিটি গেটজুড়ে। সাড়ে চারটার দিকে দেখা গেছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের, কেউ অফিস শেষে, কেউবা ঢাকার বাইরে থেকে এসেছেন খেলা দেখবেন বলে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দর্শকরা মাঠে প্রবেশ করেছেন। বিসিবির পূর্বঘোষণা অনুযায়ী, এবার দর্শকরা নিজেদের সঙ্গে খাবার ও পানীয় নিয়ে প্রবেশ করতে পেরেছেন, যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। দর্শকদের মতে, এই সিদ্ধান্ত ছিল সময়োপযোগী এবং দর্শকবান্ধব—নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ তারা সাদরে গ্রহণ করেছেন।
৬টার দিকে জাতীয় সংগীত গাওয়ার সময়ও অনেক দর্শক গ্যালারিতে প্রবেশ করছিলেন হুড়োহুড়ি করে, যেন অনেক কিছুই মিস হয়ে যাচ্ছে। পাকিস্তানের ইনিংসের ১০ ওভারের মাথায় গ্যালারির আসন খালি ছিল না। হাউসফুল গ্যালারি থেকে একটু পরপরই ভেসে আসছে বাংলাদেশ বাংলাদেশ প্রতিধ্বনি। তবে এক ভিন্নচিত্রও দেখা গেছে মিরপুরে, অভিযোগ ছিল সাকিব আল হাসানের প্ল্যাকার্ড নিয়ে মিরপুরে প্রবেশ করা যায় না। দর্শকরা সাবেক এই অধিনায়কের প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ তো করতে পেরেছেই, অনেকক্ষণ গ্যালারি মুখর ছিল সাকিব সাকিব ধ্বনিতে।
ম্যাচ শেষে মিডিয়া প্লাজার সামনে রীতিমতো উৎসবে মেতে ওঠেন দর্শকরা। কেউ নেচে, কেউ গেয়ে প্রকাশ করেন বিজয়ের উচ্ছ্বাস। দর্শকদের বক্তব্যে উঠে আসে আত্মবিশ্বাস—‘এটাই নতুন বাংলাদেশের নতুন ক্রিকেট দল।’ দর্শকরা আরো বলেন, যদিও কিছুদিন খারাপ সময় গেছে, তবে ধারাবাহিকতা থাকলে এই দল দিয়েই ভালো কিছু সম্ভব।
একজন দর্শক বললেন,"ক্রিকেট আমাদের আবেগ। দল খারাপ করলে হয়তো বলি আর খেলা দেখবো না, কিন্তু দিনশেষে ঠিকই টিভির সামনে বসি বা মাঠে ছুটে আসি। যারা বলেছিল ক্রিকেট শেষ, তারাও আজ হাউসফুল গ্যালারি দেখে নিশ্চয়ই জবাব পেয়েছে।" পাশাপাশি অনেকেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আশাবাদ ব্যক্ত করেন।
ক্রিকেট বোধ্যারা বলছেন, বিসিবির কিছু যুগোপযোগী সিদ্ধান্ত দর্শকদের স্বস্তি দিয়েছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রয়, ঘরে বসেই টিকিট সংগ্রহের সুযোগ, খাবার নিয়ে প্রবেশের অনুমতি এবং সর্বশেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ জয় দর্শকদের মাঠমুখী করতে বড় ভূমিকা রেখেছে।

মোশারফ হোসাইন