এএফসি নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে নিজেদের মাঠে ফিলিপাইনকে সহজে হারিয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গ্রুপ ‘এ’-এর ম্যাচটি ফিলিপাইনসকে ১-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা।
রবিবার (১ মার্চ) আসরের উদ্বোধনী ম্যাচটিতে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। পুরো ম্যাচে ৮৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে খেলেছে অসিরা। তবে গোল ব্যবধান বাড়াতে পারেনি তারা।
ম্যাচের একমাত্র গোলটি আসে ১৪তম মিনিটে। দলের অভিজ্ঞ তারকা স্যাম কের দারুণ ফিনিশিংয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন। প্রথমার্ধে করা সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
ফিলিপাইনস ম্যাচজুড়ে আক্রমণে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অস্ট্রেলিয়ার রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। ফলে প্রতিপক্ষের জালে একটি বারের জন্যও লক্ষ্যে শট নিতে দেয়নি তারা।
বিপরীতে ফিলিপাইনের জালে ১৫টি শট নিয়েছিল অস্ট্রেলিয়া, যেখানে ৬টি টার্গেট শটের মধ্যে একটিতে সফলতা পেয়েছিল। এছাড়া দুই দলই সমান ৪টি করে ফাউল করলেও কোন দলকে কার্ড দেখতে হয়নি।
এই জয়ে এক ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে পয়েন্টশূন্য অবস্থায় রয়েছে ফিলিপাইনস। গ্রুপের বাকি দুই দল হলো- ইরান ও দক্ষিণ কোরিয়া।
