বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি-কে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর মধ্য দিয়ে শেষ হলো হামজা-জামালদের প্রধান কোচ নির্বাচনের কার্যক্রম।
শুক্রবার (২২ মে) বাফুফে থেকে পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নাম ঘোষণার আগে আজ শুক্রবার সকালে ঢাকায় এসেছেন থমাস ডুলি।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে যুক্ত থমাস ডুলি খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি ১৯৯৮ বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন।
কোচিং ক্যারিয়ারেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিনসম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ডুলি।
এছাড়া ফিলিপাইন জাতীয় দলকে এশিয়ান কাপের মূল পর্বে তুলেও প্রশংসা কুড়ান থমাস ডুলি। তার অধীনেই ফিলিপাইন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাংকিং অর্জন করে।
সম্প্রতি লাওস জাতীয় দলের দায়িত্বে ছিলেন থমাস ডুলি। এশিয়ান ফুটবলের বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে তার অভিজ্ঞতা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক ভূমিকা রাখা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল করে তোলাই হবে থমাস ডুলির প্রধান লক্ষ্য।
