বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগের দিন ঘটলো বিরল ঘটনা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকার থেকে সরে দাঁড়িয়েছেন মালিকপক্ষ। বিষয়টি নিয়ে বিসিবিতে চিঠি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক আবদুল কাইয়ুম।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে এখন সিদ্ধান্ত নেওয়া হবে। নিয়ম অনুযায়ী বিসিবি দায়িত্ব নেওয়ার কথা।
নানা শঙ্কা থাকা স্বত্বেও ছয় দল নিয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে মাঠে গড়ানোর কথা বিপিএলের দ্বাদশ আসর। এর আগেই দলের মালিকানা থেকে সরে দাঁড়ালো চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকার।
চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা নিয়েছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস। তবে দল কেনার পর থেকেই নানা বিষয় নিয়ে নেতিবাচক আলোচনায় ছিল দলটি।
জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ায় এখনো আসেনি ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। এছাড়া বিসিবিতে ব্যাংক গ্যারান্টির পুরো টাকাও জমা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও সেটাও দেয়নি তারা।
