বিপিএল উদ্বোধনে শহীদ ওসমান হাদিকে স্মরণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫
বিপিএল উদ্বোধনে শহীদ ওসমান হাদিকে স্মরণ

ডে লাইট ফায়ার ওয়ার্ক প্রদর্শনের পাশাপাশি ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসর।শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উদ্বোধনের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সম্প্রতি সন্ত্রাসী হামলায় শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া শহীদ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন এবং এক সপ্তাহ পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।

নিরবতা পালনের সময় বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে দুই হাত তুলে দোয়া করতে দেখা গেছে। একই সময় গ্যালারিতে উপস্থিত দর্শকরাও দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

বিপিএল উদ্বোধনে এবার দুই পর্বের আনুষ্ঠানিকতা রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে থাকছে নাচ ও গানের আয়োজন। বিপিএলে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। ফুয়াদ মুকতাদিরের কোরিওগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান।


বিষয়ঃ

শেয়ার করুন :