আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আগে নতুন আলোচনার জন্ম দিয়েছে দল নির্বাচন। অধিনায়ক লিটন কুমার দাসের মন্তব্যের পর এবার প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপুও মুখ খুলেছেন। বলেন, দল নির্বাচনে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। নির্বাচন প্যানেলের এই এখতিয়ার রয়েছে।
বিসিবি থেকে পাঠানো এক ভিডিও বার্তায় এমন কথা বলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট (পুরুষ) দলের প্রধান নির্বাচন গাজী আশরাফ হোসেন লিপু।
তিনি বলেন, “আয়ারল্যান্ডের সঙ্গে আমাদের টি-টোয়েন্টি সিরিজ, এই সময়ে আসলে আমাদের মূল ফোকাসটা মাঠে এবং খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তারপর অধিনায়ক লিটন দাসের কথা পরিপ্রেক্ষিতে দুই-একটা কথা না বললেই নয়।”
প্রধান নির্বাচন বলেন, “দল ঘোষণার আগে কোচ এবং ক্যাপ্টেমের সাথে খুব সংক্ষিপ্ত একটা বৈঠক করেছি। শামীম পাটোয়ারীকে নিয়ে ক্যাপ্টেনের ভাবনা জানতে চাইলে অধিনায়ক বলেছেন যে, তিনি পাটোয়ারীকে দলে দেখতে চান। এ বিষয়টি নিয়ে ক্যাপ্টেন হেড কোচের সাথেও আলাপ করেছেন।”
তিনি বলেন, “পরে আমরা (নির্বাচক প্যানেল) আলোচনা করে সিদ্ধান্ত নেই, যে সিদ্ধান্তে শামীম পাটোয়ারী দলে সুযোগ পায় না। আমরা আসলে দুটো ম্যাচকে লক্ষ্য করে দলটা দেই, যদি দুটো ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করতে পারি তাহলে তৃতীয় ম্যাচে আমরা পরিবর্তন এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে পারবো।”
দল নির্বাচনে অধিনায়ক এবং প্রধান কোচের সম্পৃক্ত থাকার বিষয়ে তিনি বলেন, “নিয়ম মোতাবেক ক্রিকেট অপারেসন্সের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়েই দল ঘোষিত হয়েছে। নির্বাচক প্যানেলের এখতিয়ার আছে, কমিটি সব সময় দলনেতা এবং কোচের সঙ্গে সহবস্থানে নাও থাকতে পারে, কোন কারণে এবং সেখানে কোন অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা উই আর একাউন্টেবল উইথ বোর্ড।”
