আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে পারফরম্যান্স দেখিয়ে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে নভেম্বরের সেরার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। আইরিশদের বিপক্ষে দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে শিকার করেছিলেন তাইজুল।
তাইজুল ছাড়া সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আরও দুই স্পিনার- দক্ষিণ আফ্রিকার সাইমন হার্মার ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। এছাড়া নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন- ভারতের শেফালি ভার্মা, থাইল্যান্ডের থিপাচা পুথাওং এবং সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝা।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার (৫ নভেম্বর) নভেম্বর মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।
নভেম্বর মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাইজুল। তাই সিরিজ সেরার পুরস্কার জিতে নেন তিনি।
সিলেটে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২ ও ৩ উইকেট নেন তাইজুল। মিরপুরে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে সমান চারটি করে উইকেট শিকার করেন তিনি। এ ম্যাচেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন এই স্পিনার। এখন পর্যন্ত দেশের হয়ে ৫৭ টেস্ট খেলে ২৫০ উইকেট নিয়েছেন তিনি।
গেল মাসে ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৭ উইকেট নেন হার্মার। কলকাতা টেস্টে ৮ এবং গুয়াহাটি টেস্টে ৯ উইকেট শিকার করেন তিনি। হার্মারের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকা। সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন তিনি।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বল ও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নাওয়াজ। পাঁচ ওয়ানডেতে ৪ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ১০৪ রান।
ত্রিদেশীয় টি-টোয়েন্টিতে ১০ উইকেট ও ৫২ রান করে ট্রফি জয়ে পাকিস্তানের হয়ে বড় অবদান রাখেন নাওয়াজ। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ১৭ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। সিরিজ সেরার স্বীকৃতিও পেয়েছেন এই অলরাউন্ডার।
