তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ‌‘স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ’ কোয়াব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৯ জানুয়ারি ২০২৬
তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ‌‘স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ’ কোয়াব

সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালকে ‌‘ভারতীয় দালাল’ বলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে কোয়াব। একই সাথে বিসিবি পরিচালকের এমন মন্তব্যে কোয়াব সদস্যরা ‘স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ’ হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এমন তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।”

“বাংলাদেশের ইতিহাসের সফলতম ওপেনার, দেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক।”

“আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে।”

বিবৃতিতে আরও বলা হয়, “বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি।”

এর আগে বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে তামিম ইকবালের একটি ছবিসহ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম লিখেন, “এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।”

বিষয়টি নিয়ে বর্তমান এবং সাবেক ক্রিকেটাররাও ফেসবুকে নিজেদের পেজে প্রতিবাদ জানাচ্ছেন।



শেয়ার করুন :