টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে, অন্যথায় বাংলাদেশের পরিবর্তে নতুন একটি দলকে সুযোগ দেওয়া হবে। আইসিসির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) আইসিসির বৈঠকে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে আইসিসির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ যদি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে অন্য দলকে টুর্নামেন্টে খেলানো হবে। আইসিরি এমন সিদ্ধান্তের পর সদস্য দেশগুলো থেকে ভোট নেওয়া হয়। যেখানে বোর্ডের বেশিরভাগ সদস্যই বদলি দল রাখার পক্ষে ভোট দেয়।
বিবৃতিতে বিসিবি জানায়, স্বাধীন পর্যালোচনাসহ পরিচালিত সমস্ত নিরাপত্তা মূল্যায়ন বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার সবকটিতেই ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ভারতের কোন টুর্নামেন্ট ভেন্যুতে বাংলাদেশের খেলোয়াড়, মিডিয়া কর্মী, কর্মকর্তা এবং ভক্তদের জন্য কোন হুমকি নেই।
আইসিসি আরও জানায়, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয় এবং কোন বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির অভাবে পরিস্থিতিতে সময়-সূচী পরিবর্তন করা এমন একটি নজির স্থাপন করতে পারে, যা ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর পবিত্রতাকে বিপন্ন করবে।
এদিকে, নিরাপত্তা ইস্যুতে বিসিবি এখন পর্যন্ত ভারতের না খেলার বিষয়ে অনড় রয়েছে। তবে আইসিসির এমন সিদ্ধান্তে বিসিবি হয়তো নতুন করে সরকারের সাথে কথা বলবে।
