মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে ক্রিকেট আনন্দে মেতেছিল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও ঢাকাস্থ ইউএস দূতাবাস। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র দূতাবাস ও বিএসজেএ’র যৌথ উদ্যোগে আয়োজিত প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি তামিম ইকবাল, বিসিবির অন্যতম সদস্য সৈয়দ ইব্রাহিম আহমেদ, মিনহাজুল আবেদীন নান্নু, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন।
সৌহাদ্যপূর্ণ এই ম্যাচের শুরুতে বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এসএম সুমন রাষ্ট্রদূতের হাতে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন পুরুষ অধিনায়কের পাশাপাশি নারী দলের অধিনায়কের স্বাক্ষরিত সম্বলিত ব্যাট রাষ্ট্রদূতের হাতে তুলে দেন। দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত বিএসজেএ ও বিসিবি সভাপতিকে বেসবল ব্যাট উপহার দেন।
ম্যাচ শেষে দুই দলের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু ও বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে প্রাণবন্ত আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, “দারুণ একটি ক্রিকেট ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। এটি আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ ৷ জাতীয় ক্রিকেট মাঠে এসে প্রীতি ম্যাচ খেলতে পারা আমাদের জন্য দারুণ সম্মানের।”
রাষ্ট্রদূত ক্রীড়া কূটনীতিকে বেশ গুরুত্ব দিয়ে বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা ‘নেক্সট উইকেট’ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করছি। এটি যুক্তরাষ্ট্রের একটি স্পোর্টস ডিপ্লোমেসি প্রোগ্রাম, যা বাংলাদেশে ক্রিকেটকে কেন্দ্র করে পরিচালিত হবে। এ বছরের শেষ দিকে ১০ জন বাংলাদেশি ক্রিকেট পেশাজীবী যুক্তরাষ্ট্রে যাবে এবং আগামী বছর আমরা ১০ জন আমেরিকান ক্রিকেট পেশাজীবীকে বাংলাদেশে নিয়ে আসব।”
তিনি আরও বলেন, “এর মাধ্যমে ক্রিকেটের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়বে। আমরা ইতোমধ্যে ভালো ক্রিকেট খেলোয়াড়ও তৈরি করছি এবং আশা করছি আগামী বছর আবার এখানে ফিরে এসে আমাদের চ্যাম্পিয়নশিপ রক্ষা করতে পারবো।”
হোম অব ক্রিকেটে ১৫ ওভারের এই ম্যাচে বিএসজেএ অধিনায়ক আরিফুল ইসলাম রনি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে বিএসজেএ। সৌহাদ্যপূর্ণ ম্যাচও যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছিল। ৩ বল বাকি থাকতে কাঙ্খিত লক্ষ্যে পৌছায় ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস। অনবদ্য ব্যাটিংয়ের জন্য ইউএস দূতাবাসের আল আমিন ম্যাচ সেরা হন।
