ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সাত বছর পর ফিরেছেন ডানহাতি মিডল অর্ডার সারমিন সুলতানা। আর নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে রাজশাহীতে। ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ২২ এবং ২৫ এপ্রিল।
দলের একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পাওয়া ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস দেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন তিনি।
দলে ফিরলেও অভিষেকের মতোই সারমিন সুলতানার। কারণ সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। সিরিজে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
সিরিজটি দিয়ে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বাংলাদেশ ওয়ানডে দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস।
স্ট্যান্ড বাই- দিলারা আক্তার, শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন, তাজনেহার।
