মাথায় আঘাত পাওয়ায় ম্যাচ শেষে হাসপাতালে গিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরেছেন মিরাজ।
বৃহস্পবার (১১ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় নাথান অ্যালিসের বাউন্সারে মাথায় আঘাত পান মিরাজ। মাঠে বমি করলেও খেলা চালিয়ে যান তিনি এবং জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
আঘাত পাওয়ার পর খেলা চালিয়ে গেলেও ম্যাচ শেষে মিরাজকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় স্ক্যান করা হলেও খারাপ কিছু ধরা পড়েনি।
শুক্রবার (১২ জুন) বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, হাসপাতাল থেকে বাসায ফিরেছেন মিরাজ।
নাফিস বলেন, “মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। খেলা শেষে দ্রুতই বিসিবির ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানোর।”
তিনি আরও বলেন, “যদিও সে (মিজার) ভালো বোধ করছিল। এভারকেয়ারে তার স্ক্যান করা হলে প্রথম রিপোর্ট ভালো আসে। আজকে (শুক্রবার) আবারও স্ক্যান করার পর রিপোর্ট ভালো আসায় তাকে রিলিজ দেওয়া হয়েছে।”
তবে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মিরাজের খেলা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি টিম মেনেজম্যান্ট। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচে মিরাজকে নাও খেলানো হতে পারে।
