বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার (১৫ জুলাই) এক বিবৃতিতে আইসিসির এ তথ্য নিশ্চিত করেছে।
নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির দায়িত্ব হবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে প্রস্তাবিত ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা তদারকি করা।
কমিটিতে পূর্ণ সদস্যভুক্ত বিভিন্ন দেশের অভিজ্ঞ ক্রিকেট প্রশাসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- ক্রিকেট নামিবিয়ার ড. রুডি ভ্যান ভুরেন, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।
একই বৈঠকে আইসিসি বাংলাদেশ, শ্রীলঙ্কা, কানাডা ও ফ্রান্সকে ঘিরে বিভিন্ন প্রশাসনিক ও সদস্যপদ-সংক্রান্ত বিষয়ও পর্যালোচনা করেছে। বৈঠকে নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবালকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে আইসিসি বোর্ডে স্বীকৃতি দেওয়া হয়।
