অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ছোট আকারে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
জিম্বাবুয়েতে দীর্ঘ সফর শেষে নীরবেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবারের জিম্বাবুয়ে সফরে তিনটি ফরম্যাটেই সিরিজ খেলেছে টাইগাররা। একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরেছে সফরকারীরা। তবে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে সফর শেষ করে বাংলাদেশ।
বাংলাদেশের সফরকে সামনে রেখে ইতিমধ্যে প্যাট কামিন্সের নেতৃত্বে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে খেলা সত্ত্বেও বাংলাদেশকে সমীহ করছে অসিরা।
অস্ট্রেলিয়া দল ঘোষণা করলেও দল ঘোষণা করেনি বাংলাদেশ। কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস ও শারীরিক অবস্থার সর্বশেষ তথ্যের অপেক্ষায় আছেন নির্বাচকরা। দলে থাকা সম্ভব্য ক্রিকেটারদের নিয়ে ছোট আকারে প্রশিক্ষণ ক্যাম্প করবে বিসিবি।
দল চূড়ান্ত করার আগে লিটন দাস ও নাহিদ রানার ফিটনেস রিপোর্টের জন্যও অপেক্ষা করছে বিসিবি। জুন মাস থেকে পায়ের পেশির (কাফ) ইনজুরিতে ভুগছেন লিটন। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন রানা।
১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ২২ আগস্ট ম্যাকাইতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
