ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস রচনা করলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে এ মাইলফলক ছুঁলেন মুশফিক।
বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন মুশফিক। টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির এটি ১১তম ঘটনা। কিংবদন্তি রিকি পন্টিং ক্যারিয়ারের শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন। তবে মুশফিক সে পথে বেশি দূর যেতে পারেননি। থেমেছেন ১০৬ রানে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন মুশফিক। বুধবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন ১৮৭ বল খেলে ৫টি চারে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। ২০ বছর পর বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেললেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার।
প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন ক্রাউড্রে। ১৯৬৮ সালে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি।
শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটার যারা-
কলিন ক্রাউড্রে (ইংল্যান্ড)- ১০৪, বিপক্ষ- অস্ট্রেলিয়া, ভেন্যু- বার্মিংহাম, তারিখ- ১১ জুলাই ১৯৬৮
জাভেদ মিয়াদাঁদ (পাকিস্তান)- ১৪৫, বিপক্ষ- ভারত, ভেন্যু- লাহোর, তারিখ- ১ ডিসেম্বর ১৯৮৯
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ)- ১৪৯, বিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- সেন্ট জোন্স, তারিখ- ১২ এপ্রিল ১৯৯০
অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড)- ১০৫, বিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- ম্যানচেষ্টার, তারিখ- ৩ আগস্ট ২০০০
ইনজামাম-উল হক (পাকিস্তান)- ১৮৪, বিপক্ষ- ভারত, ভেন্যু- ব্যাঙ্গালুরু, তারিখ- ২৪ মার্চ ২০০৫
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১২০, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- সিডনি, তারিখ- ২ জানুয়ারি ২০০৬
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৪৩*, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- সিডনি, তারিখ- ২ জানুয়ারি ২০০৬
গ্রায়াম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)- ১৩১, বিপক্ষ- ইংল্যান্ড, ভেন্যু- দ্য ওভাল, তারিখ- ১৯ জুলাই ২০১২
হামিশ আমলা (দক্ষিণ আফ্রিকা)- ১৩৪, বিপক্ষ- শ্রীলংকা, ভেন্যু- জোহানেসবার্গ, তারিখ- ১২ জানুয়ারি ২০১৭
জো রুট (ইংল্যান্ড)- ২১৮, বিপক্ষ- ভারত, ভেন্যু- চেন্নাই, তারিখ- ৫ ফেব্রুয়ারি ২০২১
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২০০, বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, ভেন্যু- মেলবোর্ন, তারিখ- ২৬ ডিসেম্বর ২০২২
মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ১০৬, বিপক্ষ- আয়ারল্যান্ড, ভেন্যু- মিরপুর, তারিখ- ১৯ নভেম্বর ২০২৫।
