ক্রিকেট খেলতে চীন যাচ্ছে বাংলাদেশের মেয়েরা, ইতিহাসে প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫
ক্রিকেট খেলতে চীন যাচ্ছে বাংলাদেশের মেয়েরা, ইতিহাসে প্রথম

বাংলাদেশ ক্রিকেটের জাতীয় পর্যায়ের কোন দল প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের এ সফরে দেশটির বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

সিরিজ ‍উপলক্ষে ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে আজ শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অধিকাংশক ক্রিকেটারকে রাখা হয়েছে।

ঘোষিত ১৪ সদস্যের দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে আরও চারজনকে রাখা হয়েছে। তারা হলেন- লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিন।

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ১৫ ডিসেম্বর চীনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। দেশটিতে পৌঁছে ১৬ ডিসেম্বর অনুশীলন ও ট্রেনিং সেশন করবে। এরপর ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ এবং ২১ ডিসেম্বর। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাংজুতে। সিরিজ শেষে ২২ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে জুনিয়র টাইগ্রেসদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), অরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম, চৌধুরী অদৃতা নোয়াসির, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃধা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ ববি খাতুন ও শ্রাবণী রানী শীল।

স্ট্যান্ড-বাই : মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।



শেয়ার করুন :