মেয়েদের নিয়ে ঢাকায় বেসবলের নতুন যাত্রা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৯ অক্টোবর ২০২৫
মেয়েদের নিয়ে ঢাকায় বেসবলের নতুন যাত্রা

ক্রিকেট সাদৃশ্য বেসবল বাংলাদেশে এখনো অপরিচিত একটি খেলা। তবে নতুন আঙ্গিকে ষষ্ঠবারের মতো আবারও মাঠে ফিরছে বেসবল।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ–২০২৫’।

চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) ঢাকা জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলন শেষে অংশগ্রহণকারী দলের জার্সি উন্মোচন করা হয়।

বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন (বিবিএসএ) -এর আয়োজিত সংবাদ সম্মেলনে বিবিএসএ-এর সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, টুর্নামেন্ট কমিটির সচিব ও যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন সোহাগ এবং অংশগ্রহণকারী ১২টি দলের অধিনায়ক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. অনুপম হোসেন বলেন, “নারী বেসবলের বিকাশ, নারীদের ক্রীড়া অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় নারী দল গঠনের লক্ষ্যে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই বাংলাদেশ নারী বেসবল দল শিগগিরই আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করুক।”

বিবিএসএ সাধারণ সম্পাদক তালহা জুবায়ের বলেন, “নারী বেসবল এখন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক উদীয়মান শক্তি। এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আমরা প্রতিভাবান নতুন খেলোয়াড় বেছে নিয়ে জাতীয় নারী বেসবল দলকে আরও শক্তিশালী করবো।”

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির আহমেদ।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার মোট ১২টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো অনুষ্ঠিত হবে সিঙ্গেল এলিমিনেশন নকআউট পদ্ধতিতে। ১ নভেম্বর থেকে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।


বিষয়ঃ

শেয়ার করুন :