নারীদের যৌন হয়রানি প্রতিরোধে জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্গত সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে পাঁচ (৫) সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিতে কমপক্ষে তিনজন নারী সদস্য থাকতে হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সহকারী ক্রীড়া পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
বলা হয়, নারীদের যৌন হয়রানি প্রতিরোধে মহামান্য হাইকোর্ট বিভাগের ১৪/০৫/২০০৯ তারিখের ‘শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা, ২০০৯ শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্গত সকল ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে ন্যুনতম ৩ (তিন) জন নারী সদস্যসহ ৫ সদস্যের একটি অভিযোগ কমিটি গঠন করে ১৯ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে ক্রীড়া পরিষদে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী যদি প্রতিকার না পান বা অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি না পান তাহলে ক্রীড়া পরিষদের নিকট আবারও অভিযোগ জানানোর সুযোগ থাকবে।
সম্প্রতি বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেটারদের একের পর এক হয়রানির অভিযোগের তথ্য প্রকাশ পাচ্ছে। সেই সব আলোচলার মাঝে এবার সরকার থেকে দেশের ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলোকে এবার এই কমিটি গঠনের নির্দেশ দেওয়া হলো।
