ঢাকায় অনুষ্ঠিত তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে পদক জয়ে শীর্ষে ভারত। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে মোট ১০টি পদক জিতেছে তারা। যেখানে প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে।
৩০টি দেশের আরচ্যার নিয়ে ৮ নভেম্বর শুরু হওয়া তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের পর্দা নেমেছে শুক্রবার (১৪ নভেম্বর)। জাতীয় স্টেডিয়ামের খেলা নিয়ে শুরু হয়েছিল প্রতিযোগিতা, যা আর্মি স্টেডিয়ামের মধ্য দিয়ে শেষ হয়েছে।
প্রতিযোগিতায় ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে সেরা হয়েছে ভারত। ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতেছে তারা। দক্ষিণ কোরিয়া পেয়েছে ২টি স্বর্ণ, ৪টি করে রৌপ্য ও ব্রোঞ্জ। এছাড়া বাংলাদেশ একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পেয়েছে।
সফল আয়োজন নিয়ে এশিয়ান আরচ্যারী ফেডারেশনের সভাপতি ও তীর এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপসের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, “এশিয়ান আরচ্যারীর সভাপতি পদে আমার বিজয় এবং আমাদের ছেলে মেয়েদের পদক অর্জন-সব মিলিয়ে আমরা সবাই উচ্ছ্বসিত।”
বাংলাদেশের পদক জয় নিয়ে তিনি বলেন, “যদিও ব্রোঞ্জ পদক -এটা কুলসুমের জন্য বিশাল পাওয়া। একটা নতুন মেয়ে, প্রথম আন্তর্জাতিক ইভেন্টে, এত বড় আসরে প্রথম খেলতে নেমেছিল, পদক পেল। আমার মতে সে খুব ভালো ফল করেছে এবং তাকে সাধুবাদ দেওয়া উচিত।”
আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, “আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক দিনের কষ্ট, পরিশ্রম, ত্যাগ ও পরিশ্রমের পর আমাদের আয়োজন শেষ হয়েছে সফলভাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি।”
বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন সভাপতি ড. মোখলেসুর রহমান বলেন, “বাংলাদেশের অর্জনে আমি গর্ব অনুভব করছি। নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য এশিয়ান আরচ্যারীতে বাংলাদেশে লিডারশিপে এলো। যারা এই আয়োজনের পেছনে ছিলেন, যাদের দেখা যাচ্ছে না, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা খেলোয়াড়দেরও মূল্যায়ন করার চেষ্টা করছি, যাতে তারা দেশকে আরও কিছু দিতে পারে। তারাই দেশের অ্যাম্বাসেডর।”
