ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হওয়া উচিত বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বলেন, সকলে একসাথে উদারমনা হয়ে কাজ করলে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের কোন বাঁধা থাকবে না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ০৬/২০২৫ নং কার্যনির্বাহী কমিটির সভা তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সভার প্রারম্ভে সভাপতি মহোদয় তার বক্তব্যে বিদায়ী এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
বিওএ’র সভাপতি বলেন, “ক্রীড়াক্ষেত্র রাজনীতিমুক্ত হওয়া উচিত এবং সকলে একসাথে উদারমনা হয়ে ক্রীড়ার উন্নয়নে কাজ করলে দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের কোন প্রকারের বাঁধা থাকবে না।”
এ সময় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দদের তাদের নিরলস পরিশ্রম এবং অভাবনীয় অবদানের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সাথে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বিওএ’র কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সভা শেষে বিদায়ী কার্যনির্বাহী কমিটি নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের দায়িত্বভার হস্তান্তর করেন।
এরপর বিকেলে অলিম্পিক ভবনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নবনির্বাচিত মহাসচিব মো. জোবায়েদুর রহমান বিদায়ী মহাসচিব সৈয়দ শাহেদ রেজার নিকট হতে সকল দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এ সময় বিদায়ী মহাসচিব নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি অলিম্পিকের কার্যক্রম আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
