অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। আইন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হয়েছে।
দুই উপদেষ্টা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। ফলে শূন্য হওয়া তিনটি মন্ত্রণালয়ে বর্তমান তিন উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। এছাড়া তিনি পূর্ব থেকে দায়ি্বে পালন করে আশা আইন ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন তিনি।
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। তিনি এত দিন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি মোট তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
আর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও দেখবেন তিনি।
