সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর দিনে বিভিন্ন অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। দিনের প্রথম ম্যাচ সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার খেলা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করেছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে টিকিট কালোবাজারী, দেয়াল টপকে স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা এবং দর্শক নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ার চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা কিংবা বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারির অভিযোগেই নয়, দর্শক নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার চেষ্টাসহ আরও কিছু অনিয়মের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
আটকৃতরা পুলিশ হেফাজতে রয়েছেন। বিসিবি যে সিদ্ধান্ত দেবে সেই আলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
