খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে চলছে শোকের ছায়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ চুকবল এসোসিয়েশন শোক জানিয়েছে।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবারের (৩০ ডিসেম্বর) বিপিএলের খেলা বাতিল করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশের শোকাবহ পরিস্থিতি ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাচ দুটির নতুন তারিখ পরে জানাবে বিসিবি।

বিপিএলের পাশাপাশি ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের (২০২৫-২৬ মৌসুম) অনুষ্ঠিতব্য ৯টি ম্যাচ স্থগিত করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। স্থগিত ম্যাচগুলোর সময়-সূচি পুনর্নির্ধারণ করে জানানো হবে।

মঙ্গলবার ফেডারেশন কাপের ম্যাচও ছিল। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে ফেডারেশন কাপের দুই ম্যাচ স্থগিত রেখেছে বাফুফে। নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনালের সূচি ছিল। সেই ফাইনালও হচ্ছে না। বাফুফে পরবর্তীতে খেলাগুলোর নতুন সূচি প্রকাশ করবে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার খালেদা জিয়ার জানাজার দিনে সাধারণ ছুটি থাকবে।


বিষয়ঃ

শেয়ার করুন :