বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহীন আলমের পাশে তারেক রহমান, আর্থিক সহায়তা প্রদান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ পিএম, ০৩ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহীন আলমের পাশে তারেক রহমান, আর্থিক সহায়তা প্রদান

২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক পেসার শাহীন আলমের চরম দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে কুড়িগ্রামের এই ক্রিকেটার বাবা-মায়ের অসুস্থতা এবং তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে তার পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা অর্জনে শাহীন আলম ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে দীর্ঘদিনের ইনজুরি এবং পারিবারিক অস্বচ্ছলতার কারণে গত কয়েক বছর ধরে তার ক্যারিয়ার থমকে দাঁড়িয়েছে।

টানা দুই বছর মাঠের বাইরে থাকার পর সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ​বর্তমানে কুড়িগ্রামের এই ক্রিকেটার বাবা-মায়ের অসুস্থতা এবং তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগেও কোনো দল না পাওয়ায় তার উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এমন মানবিক সংকটের কথা জানতে পেরে তারেক রহমান এই সহায়তার উদ্যোগ নেন।

​আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় আমিনুল হক বলেন, বিশ্বকাপজয়ী একজন ক্রিকেটার দেশের সম্পদ। শাহীন আলমের মতো মেধাবী পেসার অভাবের তাড়নায় হারিয়ে যাবে, তা হতে পারে না। তার এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি শাহীনকে আবারও মাঠে ফিরতে অনুপ্রাণিত করবে।

​সহায়তা পেয়ে শাহীন আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবারও ক্রিকেটে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



শেয়ার করুন :