২৫৬ কোটি টাকা শেয়ার ক্যালেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি দুদকের জব্দ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৮ মে ২০২৬
২৫৬ কোটি টাকা শেয়ার ক্যালেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি দুদকের জব্দ

শেয়ারবাজারে কারসাজির করে ২৫৬ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্তে ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ আসামির সংশ্লিষ্ট নথিপত্র পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা -বিএসইসি থেকে জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটির তদন্ত চলছে। সম্প্রতি বিএসইসি থেকে মামলার তদন্ত প্রতিবেদন ও প্রয়োজনীয় নথিপত্র দুদক জব্দ করেছে।

সাকিবের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানা যায়, দুদকের মামলায় বলা হয়, আবুল খায়ের হিরুর মাধ্যমে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করেন ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

অভিযোগে বলা হয়, হিরুর কারসাজিকৃত এসব শেয়ারে বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করেন এবং সাধারণ বিনিয়োগকারীদের ওই শেয়ারে বিনিয়োগে প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করেন সাকিব।

দুদক বলছে, এভাবে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের নামে শেয়ারবাজার থেকে তুলে আত্মসাৎ করেন ক্রিকেটার সাকিব।

এ ঘটনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ১২০বি ও ১০৯ ধারায় মামলা করা হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :