বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৬ জুন ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ

গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বাংলাদেশ বেসবল সফটবল ফেডারেশনের (বিবিএসএ) আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসবল সফটবল ফেডারেশনের (বিবিএসএ) সভাপতি মো. আফজালুর রহমান।

‘বেসবলের শক্তি, তারুণ্যের অঙ্গীকার; ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসারসহ দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাবের মোট ১৪টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “দেশের যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বেসবলের মতো আধুনিক ও সম্ভাবনাময় খেলার আয়োজন একটি সময়োপযোগী উদ্যোগ।”

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপির তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বেসবলের প্রসার ঘটানো সম্ভব হবে। এর ফলে যুবসমাজ মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বেসবল সফটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. আরাফে জাওয়াদ, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন এবং ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে নকআউট পর্বে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সাভার কমিউনিটি ক্লাব ৭-৫ রানে স্যান্ড এঞ্জেলস ক্লাবকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

অন্যান্য খেলায় ঢাকা জেলা ১১-১ রানে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে, মুন্সিগঞ্জ জেলা ৯-৮ রানে চট্টগ্রাম বেসবল ক্লাবকে, জয়পুরহাট জেলা ৮-১ রানে বগুড়া জেলাকে, বাগেরহাট জেলা ১-০ রানে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে জয় লাভ করে।

এছাড়া জয়পুরহাট বেসবল ক্লাব ৯-৮ রানে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে, গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ এবং রানার্স-আপ বাংলাদেশ আনসার বাই পাওয়ায় তারা শনিবার থেকে কোয়ার্টার ফাইনাল পর্বে অংশ নেবে।


বিষয়ঃ

শেয়ার করুন :