টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবিকে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে তিনি এ নির্দেশনা দিয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) দিনগত রাতে ফেসবুকে এক পোস্টে আসিফ নজরুল এ নির্দেশনা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। একই সাথে বাংলাদেেশ আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধও করেছেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি লিখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিবি) বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড (বিসিবি) যেন জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।’
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আসিফ নজরুল লিখেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’
এর আগে বিসিসিআই-এর এক নির্দেশনায় মোস্তাফিজকে দল থেকে বাদ দিয়ে বিবৃতি দেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আসন্ন আসরের জন্য নিলাম থেকে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছিল শাহরুখ খানের মালিকানা দল কলকাতা।
