ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের সপ্তম রাউন্ডে মিজানুর রহমান ও ফজলে মাহমুদ রাব্বির জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্রাদার্স দুই উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় লক্ষ্য তুলে।
শনিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১০ রানেই জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের ম্যারাথন জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি এবং মিজানুর রহমান।
নিজের লিস্ট ‘এ’ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি করতে ১০৮ বল খেলেন মিজানুর। তবে সেঞ্চুরি করার পরের বলেই সাজঘরের পথ ধরেন তিনি। ১০৯ বলে ৮ চারের সঙ্গে ৫ ছক্কার মারে সাজান নিজের ইনিংসটি। তার বিদায়ে ৩৮ ওভার শেষে ব্রাদার্সের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২০৩ রান।
মিজান সাজঘরে ফেরার সময় ফজলে রাব্বি অপরাজিত ছিলেন ৮৭ রানে। তৃতীয় উইকেটে ইয়াসির আলির সঙ্গে জুটি গড়ে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন তিনিও। ইনিংসের ৪২তম ওভারে নাহিদুল ইসলামকে ছক্কা মেরেই নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ফজলে রাব্বি।
ব্রাদার্স দুই উইকেট হারিয়ে ৩৩০ রানের বড় লক্ষ্য দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এবারের আসরের এটি বড় লক্ষ্য।
