মিরপুরের কালো উইকেটে স্পিনাররা সুবিধা পান সেটি সিরিজের প্রথম ম্যাচেই প্রমাণিত হয়েছে। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দলের ১২টি উইকেট শিকার করেছেন স্পিনাররা। ফলে দ্বিতীয় ম্যাচেও পেসারদের চেয়ে স্পিনারদের দাপট থাকবে।
তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ রক্ষার ম্যাচের আগে নিজেদের স্পিন শক্তি বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিন অলরাউন্ডার আকিল হোসেনকে দলে ভিড়িয়েছে ক্যারিবীয়ানরা।
ওয়েস্ট ইন্ডিজের আগেই অবশ্য বাংলাদেশও নাসুম আহমেদকে ওয়ানডে সিরিজে যুক্ত করে স্পিন শক্তি বাড়িয়ে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য স্পিনের পাশাপাশি বাঁহাতি পেসার র্যামন সাইমন্ডসকেও দলে যুক্ত করেছে।
সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়ে দুজনকে দলে নেওয়ার তথ্য জানিয়েছে ক্রিকেট ওয়েস্টি ইন্ডিজ। আকিল ও সাইমন্ডস অবশ্য বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে রয়েছেন।
আকিল ও সাইমন্ডসকে ওয়ানডে সিরিজে যুক্ত করায় শামার জোসেফ ও জেডাইয়া ব্লেডসকে বাদ দেওয়া হয়েছে। ‘কাঁধে অস্বস্তিবোধ’ করায় ছিটকে গেছেন পেসার জোসেফ। ফলে তাকে টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ দেওয়া হয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, জোসেফকে ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হবে। সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।
এছাড়া ২৩ বছর বয়সী পেসার জেডাইয়া ব্লেডস পিঠের চোটের কারণে বাংলাদেশ সফরের সাথে সাথে নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে গেছেন। জোসেফের ন্যায় পুনর্বাসনের জন্য তাকেও দেশে ফিরে যেতে হবে।
মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ১৩৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৭৪ রানের জয় নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে সোমবার (২১ অক্টোবর) এবং বৃহস্পতিবার (২৩ অক্টোবর)।
