হতাশাজনক ফলাফল, আফগান ব্যাটারদের কৃতিত্ব দিলেন শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৩ অক্টোবর ২০২৬
হতাশাজনক ফলাফল, আফগান ব্যাটারদের কৃতিত্ব দিলেন শান্ত

স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হওয়া হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সাথে প্রতিপক্ষ আফগানিস্তানের ব্যাটাররা দুর্দান্ত খেলেছেন বলেও প্রসংশা করেছেন তিনি।

জয়ের জন্য শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৭ উইকেট, বিপরীতে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৩৪৭ রান। তবে দুই দলের কেউ নিজেদের জয়ের বন্দরে পৌঁছতে পারেনি। যদিও প্রথম থেকে ড্রয়ের লক্ষ্যে খেলা আফগানিস্তান দলেই সফল হয়েছে।

৮ উইকেটে ৩৪৬ রান করে দিন শেষ করে সিরিজের একমাত্র টেস্টটিতে জয়ের সমান ড্র করেছে আফগানিস্তান। সেখানে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ।

ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, “ফলাফলটা (ড্র) হতাশাজনক, তবে প্রতিপক্ষ (আফগানিস্তান) দুর্দান্ত খেলেছে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। আফগানিস্তান সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে।”

টাইগার বোলারদের নিয়ে তিনি বলেন, “পেসাররা খুব ভালো বল করছে। আমি আশা করেছিলাম স্পিনাররাও ম্যাচে প্রভাব ফেলবে, তারা চেষ্টা করেছে ঠিকই...; ছেলেরা পরবর্তী সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।”

টেস্ট ম্যাচটিতে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার পাশাপাশি প্রথম ইনিংসে ফিফটি (৫৩) এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১০২) করেছেন লিটন কুমার দাস।

ম্যাচ সেরা এই ক্রিকেটারকে নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, “লিটন যেভাবে খেলেছে, তা সত্যিই অসাধারণ। শুধু এই ম্যাচেই নয়, গত কয়েক বছর ধরেই উইকেটের পেছনে সে দুর্দান্ত পারফর্ম করছে। এই গরমে টানা ১৪০ ওভার কিপিং করাটা তার দৃঢ় মানসিকতারই পরিচয়। আশা করি, সে তার ব্যাটিং ও কিপিংয়ের এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে।”

ম্যাচটিতে হ্যাটট্রিক উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। যা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম কোন পেসারের হ্যাটট্রিক উইকেট শিকারের রেকর্ড।

হাসান মাহমুদ প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, “আমি যখনই তাকে বল দেই, সে দলের জন্য দারুণ কাজ করে -ঠিক যেমনটা ইবাদত, তাসকিন ও রানাও করে থাকে। আশা করি, গত কয়েক বছরের মতো তারা ভবিষ্যতেও এভাবেই নিজেদের পারফরম্যান্স ধরে রাখবে।”



শেয়ার করুন :