বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন-২০২৫ এর জন্য প্রকাশিত খসড়া ভোটার (কাউন্সিলার) তালিকায় ৬টি জেলার কোন প্রতিনিধি নেই। এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণে ১৫টি ক্লাবের কাউন্সিলারশীপ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিসিবি থেকে কাউন্সিলারদের খসড়া তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকায় ১৭৭ জন কাউন্সিলর পদের মধ্যে ৬টি জেলা থেকে কোন প্রতিনিধি রাখা হয়নি। জেলা ছয়টি হলো- নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জ।
এছাড়া ১৫টি ক্লাবটি ক্লাব থেকে কাউন্সিলারের জন্য নতুন করে কাগজপত্র চাওয়া হয়েছে। ক্লাবগুলো হলো- এক্সিউম ক্রিকেট একাডেমি, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
ক্লাবগুলোকে খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানানোর জন্য গঠনতন্ত্র ৭.২ অনুচ্ছেদ অনুযায়ী আবেদন করতে বলা হয়েছে। আবেদনের সাথে দলিল, ক্লাবের গঠনতন্ত্র, মালিকানা প্রমাণ এবং স্থায়ী/অস্থায়ী ঠিকানার কাগজপত্রও দিতে হবে।
জেলা এবং ১৫টি ক্লাবের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক এবং বিসিবি নির্বাচন কমিশনার কাজী নজরুল ইসলাম স্পোর্টসমেইলকে জানান, উল্লেখিত জেলাগুলো থেকে কাউন্সিলারশীপের ফরম পাঠানো হয়নি। যার ফলে নির্বাচন কমিশন ঘরগুলো ফাঁকা রেখেছে।
আটকে যাওয়া ১৫টি ক্লাব সম্পর্কে তিনি বলেন, ক্লাবগুলোর বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবজারবেশন রয়েছে। তাদের কাছে আরও তথ্যপ্রমাণ চাওয়া হয়েছে। পেলে কমিশন বিষয়টি দেখবে।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন। এছাড়া সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন।
ঢাকা বিভাগ থেকে বুলবুল ছাড়া বাকি ৬টি বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন- চট্টগ্রামে আহসান ইকবাল চৌধুরী, রাজশাহী থেকে মো. হাসিবুল আলম, রংপুরে মো. হাসানুজ্জামান, খুলনা থেকে খান আব্দুর রাজ্জাক, বরিশাল থেকে মো. নান্নু মিয়া এবং সিলেট থেকে রাহাত শাম্স। এছাড়া ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।
প্রিমিয়ার ডিভিশনের ১২টি ক্লাবের মধ্যে আবাহনীর কাউন্সিলার হয়েছেন শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে আসিফ রব্বানী।
এছাড়া বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব)।
পূর্ববর্তী তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করার কথা ছিল। তবে সংশোধিত তফসিল অনুযায়ী এখন ২৬ সেপ্টেম্বর তা ঘোষণা করা হবে।
নতুন তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ এবং আগের মতোই ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া হবে। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
বিসিবি ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরিচালক নির্বাচন শেষ হওয়ার পর একই দিন বোর্ড সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হবে।
