বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হলেন মালিবোংওয়ে মাকেতা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০২ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হলেন মালিবোংওয়ে মাকেতা

বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে মালিবোংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলের কোচিং সেটআপে যোগ দেবেন ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিষয়টি জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে মাকেতার। এছাড়া তিনি ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ কোচ হিসেবে স্বীকৃত।

এর আগে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন মাকেতা। ওই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রোটিয়াদের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০১৯ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপেও দলের কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি।

বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর মাকেতা বলেন, “বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচকভাবে অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।”

তিনি আরও বলেন, “আমাদের দলটি তরুণ ও সম্ভাবনাময়। ফিল (ফিল সিমন্স) এবং কোচিং স্টাফের অন্যদের সঙ্গে কাজ করে খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নয়নে সহায়তা করতে আমি আগ্রহী। এই সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। নতুন এই যাত্রা শুরু করতে এবং বাংলাদেশ জাতীয় দলে অবদান রাখতে আমি উচ্ছ্বসিত।”



শেয়ার করুন :