দর্শক আবেগে বিসিবি চলতে পারে না: তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬
দর্শক আবেগে বিসিবি চলতে পারে না: তামিম ইকবাল

নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সূত্র ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে নারাজ বাংলাদেশ। সরকারের সাথে আলোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি-কে এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিসিবির এমন সিদ্ধান্ত ভালোভাবে নিচ্ছেন না সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুরে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন তামিম ইকবাল।

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত নিয়ে তামিম বলেন, ‍“দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা (বিসিবি) চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।”

বিসিবিতে নিজে থাকলে কেমন সিদ্ধান্ত নিতেন সেই বিষয়েও কথা বলেন সাবেক এ অধিনায়ক। বলেন, “সিদ্ধান্তটা নিতাম ভবিষ্যৎ চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে। এই মুহূর্তে বিষয়টি জটিল। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে, সবাই মিলে আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। ক্রিকেট বিশ্বে আপনার নিজের অবস্থান কোথায়? বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে? সবকিছু মিলিয়েই আমি সিদ্ধান্ত নিতাম।”

তিনি আরও বলেন, “একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর, ঐ আলোচনাগুলো সম্পন্ন করার পর -একটা মন্তব্য জানানো উচিত। প্রতিটা পদক্ষেপের পর যদি বিষয়গুলো প্রকাশ করেন, তাহলে খামাখা একটা অনিশ্চয়তা তৈরি হবে। যেটা এখন হয়ে গিয়েছে।”

“এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে যদি অন্য রকম হয়, তখন প্রথম যা বলেছিলেন, সেটার উত্তর কী দেবেন? এটা ঠিক না। এই কারণে আমার কাছে মনে হয় আপনারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পর জানান।” -বলেন তামিম।

ভারত সফর নিয়ে তামিম বলেন, “যখন আমরা গিয়েছি (ভারত) তখন তো এ রকম পরিস্থিতি আসেনি। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ ছিল না। আমি শুধু একা না আরও অনেকেই বিভিন্ন কাজে যায়। এখন পরিস্থিতি একটু অন্য রকম হয়েছে।”

তিনি বলেন, “আমি যেটা বললাম, যেহেতু আমার কাছে মন্তব্য করার মতো খুব বেশি তথ্য নেই। তারপরও আমি বলবো, পৃথিবীতে অনেক কিছু আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। আপনারা আলোচনা শুরু করেন, কথা বলেন, ঐভাবে যদি সমাধান হয় সবচেয়ে ভালো।”



শেয়ার করুন :