ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল গেলে তিনটি বিষয়ে নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল যে তথ্য দিয়েছেন তা আইসিসির আনুষ্ঠানিক কোন চিঠি নয়। ভারতে বাংলাদেশ দলের জন্য হুমকি মূল্যায়ন সম্পর্কিত বিসিবি এবং আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে একটি অভ্যন্তরীণ আলোচনার বিষয়বস্তু।
সোমবার (১২ জানুয়ারি) রাতে বিষয়টি পরিস্কার করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে যে চিঠির কথা বলা হয়েছে তা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য হুমকি (ভারতে) মূল্যায়ন সম্পর্কিত বিসিবি এবং আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে একটি অভ্যন্তরীণ যোগাযোগের কথা বলা হয়েছে। এটি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের প্রতি আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।
বিসিবি আরও জানায়, বিসিবি ভেন্যু ব্যবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের অনুরোধ করেছে। তবে বোর্ড (বিসিবি) নিশ্চিত করছে যে, এই বিষয়ে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
এর আগে বাফুফের অফিস পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে, তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।”
“একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভুক্ত থাকে। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা (ভারতে) করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন (জাতীয় নির্বাচন) যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।” - তিনটি বিষয় উল্লেখ করেন ক্রীড়া উপদেষ্টা।
তবে ক্রীড়া উপদেষ্টা একই সাথে এটাও জানান যে, আইসিসিকে চিঠি দেওয়ার পর আইসিসির উত্তরের প্রত্যাশা করছে বাংলাদেশ। বিসিবি দুটির জবাবে আইসিসি এখনো জবাব দেয়নি।
