ভারত অনিরাপদ হওয়ায় বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে আইসিসি সেই অনুরোধ না মেনে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দিলো। বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন খেলবে স্কটল্যান্ড।
শনিবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে আইসিসি এ তথ্য নিশ্চিত করেছে। আইসিসি জানিয়েছে, ‘ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোন বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পায়নি।’ যেখানে নিরাপত্তার কারণে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে।
উগ্রপন্থীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা। এরপর থেকে ভারতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।
উগ্রপন্থীদের হুমকিতে মোস্তাফিজের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ভারতে বিশ্বকাপ দলের ক্রিকেটারসহ অন্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বিসিবি এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের নির্দেশে ভারতের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় থাকে বিসিবি।
আইসিসি জানায়, আইসিসি বিসিবি কর্তৃক উদ্ধৃত উদ্বেগগুলো পর্যালোচনা করেছে, অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের কাছ থেকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন কমিশন করেছে এবং ফেডারেল ও রাজ্য ব্যবস্থার সাথে সম্পর্কিত বিস্তারিত নিরাপত্তা ও পরিচালনা পরিকল্পনা নিয়ে কাজ করেছে।
আইসিসির মূল্যায়নে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনও বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই ফলাফলের আলোকে এবং বিস্তৃত প্রভাবগুলো সাবধানতার সাথে বিবেচনা করার পরে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে, প্রকাশিত ইভেন্টের সময়-সূচি সংশোধন করা উপযুক্ত নয়।
আরও বলা হয়, বুধবারের বৈঠকের পর আইবিসি বোর্ড বিসিবিকে অনুরোধ করেছে যে, বাংলাদেশ নির্ধারিত সময়-সূচি অনুসারে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কি-না তা ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করতে। তবে নির্ধারিত সময়-সীমার মধ্যে কোন নিশ্চিতকরণ না পাওয়ায় আইসিসি একটি প্রতিস্থাপন দল হিসেবে স্কটল্যান্ডকে নিশ্চিত করেছে।
র্যাঙ্কিংয়ের ১৪তম স্থানে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি স্কটল্যান্ড। দেশটি টুর্নামেন্টে ইতিমধ্যে খেলার যোগ্যতা অর্জন করা সাতটি দল- নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান এবং ইতালির চেয়ে এগিয়ে রয়েছে। এবার বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিলো আইসিসি।
বাংলাদেশকে বাদ দেওয়ায় স্কটল্যান্ড এখন ইংল্যান্ড, ইতালি, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ‘সি’ গ্রুপে খেলবে।
