কমনওয়েলথ গেমস ২০২৬ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আয়োজক শহর গ্লাসগো। তারই ধারাবাহিতকতায় পদক ডিজাইনে আনা হয়েছে নতুনত্ব, যা গেমসকে আলাদা পরিচিতি দেবে বলে মনে করছে আয়োজকরা।
প্রচলিত গোলাকার পদকের পরিবর্তে গ্লাসগো ২০২৬-এর জন্য তৈরি করা হয়েছে ‘রুলোক্স ত্রিভুজ’ আকৃতির পদক। বিশেষ এই ডিজাইনে যুক্ত করা হয়েছে ব্রেইল ও স্পর্শনির্ভর উপাদান, যা প্যারা স্পোর্টসকে আরও গুরুত্ব দেওয়ার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
পদকটির নকশা করেছেন শিল্পী মিলিৎসা মিলেনকোভা জানিয়েছেন, গ্লাসগো শহরের প্রতীক ‘কোট অব আর্মস’ থেকে অনুপ্রাণিত হয়ে এই আকৃতি নির্বাচন করা হয়েছে। পাশাপাশি ফিনিস্টন ক্রেনের গঠন ও স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী টার্টান নকশাও এতে প্রতিফলিত হয়েছে।
কমনওয়েলথ স্পোর্টসের সভাপতি ড. ডোনাল্ড রাকুরের মতে, পদকগুলো গ্লাসগো ২০২৬-এর নতুন ভাবনার প্রতিফলন। ভিন্নভাবে কিছু করার সাহস এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিই এখানে সবচেয়ে বড় বিষয়। ব্রেইল, তিন স্তরের গঠন এবং অনন্য আকৃতির কারণে এই পদক সহজেই অন্যগুলোর থেকে আলাদা করে চেনা যাবে।
আয়োজকদের বিশ্বাস, এই নতুন ডিজাইন শুধু নান্দনিকতাই নয়। বরং অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াবোধের একটি শক্ত বার্তা বহন করবে।
চলতি বছরের ২৩ জুলাই থেকে ২ আগস্ট স্কটল্যান্ডের গ্লাসগো-তে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। এবারের আয়োজনে ১০টি ইভেন্টে ক্রীড়াবিদরা প্রতিযোগিতায় অংশ নেবেন।
